একদিন পরই ইতিবাচক দুই পুঁজিবাজার
একদিন পর সপ্তাহের তৃতীয় দিনে আবারো ইতিবাচক ধারায় ফিরেছে দেশের প্রধান দুই পুঁজিবার।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে সার্বিক সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে হাতবদল হয়েছে প্রায় ৭১১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১০০ কোটি টাকা বেশি। সার্বিক সূচক বেড়ে চার হাজার ৫৮৫ পয়েন্ট হয়।
সোমবার ডিএসই সার্বিক সূচক পড়ে যায় ১৫ পয়েন্ট। লেনদেনও আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা কম হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকা বেশি লেনদেন হয়।
মঙ্গলবার সিএসইতে মোট ৬৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
দিনশেষে সিএসই সূচকও ৬৪ পয়েন্ট বেড়ে আট হাজার ৯৯৫ পয়েন্ট হয়।
সপ্তাহের দ্বিতীয়দিন, সোমবার সিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন ৭ কোটি টাকা কম হয়। আর সার্বিক সূচকও পড়ে যায় ৩৯ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে ২২১টির দাম বেড়েছে,কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।
ডিএসই’র বাছাই সূচক ডিএস-৩০, আগের দিনের চেয়ে প্রায় পাঁচ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৫ পয়েন্ট হয়েছে।
নির্বাচনের পরে ডিএসইতে গত দুই সপ্তাহে প্রায় ২০৫ পয়েন্ট সূচক বেড়েছে, দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে ছিল ৬৫২ কোটি টাকা। তার আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৪৫৭ কোটি টাকা ।
এর আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১১৩ পয়েন্ট, গড়ে দৈনিক লেনদেন হয় ৩৫৭ কোটি টাকা।
নির্বাচনের ঠিক আগের দুই সপ্তাহে ৯৯ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৭৭ ও ৫১২ কোটি টাকা ।
তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২০০ পয়েন্ট। এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।
২০১৩ সালে ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা চার দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।
