এটা স্ট্রং, অত্যন্ত স্থিতিশীল পুঁজিবাজার: মুহিত
বর্তমানের পুঁজিবাজারকে যাবতকালের সবচেয়ে শক্তিশালী পুঁজিবাজার হিসেবে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পুঁজিবাজার নিয়ে সাংবাদিকরাই ‘ভুল প্রতিবেদন’ দেয় বলেও অভিযোগ করেছেন প্রবীণ এই মন্ত্রী, যিনি আড়াই বছর আগেও পুঁজিবাজার ধ্বসের সময় বিভিন্ন মন্তব্য করে সমালোচনায় পড়েন।
সোমবার সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মুহিত।
দেশের অর্থনীতি নিয়ে কথা বলার এক পর্যায়ে অর্থমন্ত্রী বলতে শুরু করেন, “পুঁজিবাজার...সেখানে আপনারা (সাংবাদিক) খামোখা বক বক বক বক করেন। বক বকের কোনো মানে হয় না। আমি কদিন ধরে বলতে শুরু করেছি, এতোদিন বলিনি।
“পুঁজিবাজার যে অবস্থায় আছে, বাংলাদেশে কোনোদিনই এরকম কোনো পুঁজিবাজার ছিল না। এটা স্ট্রং, অত্যন্ত স্থিতিশীল এবং শক্তিশালী পুঁজিবাজার। যেখানে পুঁজিবাজারই এটা হয়েছে, অর্থাৎ লোকে পুঁজির জন্যই ওই বাজারে যায়। ব্যাংকের ঋণের ওপর নির্ভর করে না।”
২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশের দুই পুঁজিবাজারের সূচক বাড়তে শুরু করে। একইসঙ্গে বাড়তে থাকে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা।
ওঠানামার মধ্য দিয়ে দুবছরের মাথায় ডিএসই সাধারণ সূচক প্রায় তিনগুন বাড়লেও ২০১০ সালের ডিসেম্বর থেকে শুরু হয় ধস। এনিয়ে বিনিয়োগকারীদের আন্দোলন-সংগ্রামের মধ্যেই পুঁজিবাজার উন্নয়নের নানা ধরনের পদক্ষেপ নেয় সরকার ও নিয়ন্ত্রক সংস্থা।
আইন সংশোধন ও নতুন আইন প্রণয়ন ছাড়াও ক্ষুদ্র, প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বেশকিছু প্রণোদনা দেওয়া হয়।
মুহিত বলেন, “এখানকার আইনকানুন সংশোধন করা হয়েছে এবং গত প্রায় দুবছর ধরে এটা (পুঁজিবাজার) সম্পূর্ণ স্থিতিশীল বাজার। আপনার (সাংবাদিক) ভুল রিপোর্ট দেন।
“পুঁজিবাজারে ওঠানামা হবেই। ধস হওয়া সেটা অন্য জিনিস। গত দুবছর দেখেন আপনারা, ইনডেক্স দেখেন। পুঁজিবাজার মোটেই অস্থিতিশীল হয় নাই। আপনার অনেক কথা বলেছেন কাগজপত্রে, এখন আপনাদের চারপাশে সত্য রয়েছে (ট্রুথ ইজ অ্যরাউন্ড)।”
