অনুমোদন ছাড়াই জামানত পাঠাতে পারবে হজ এজেন্সি
যারা ওমরাহ করতে যাবেন, তাদের জামানতের অর্থ সৌদি আরবে সহযোগী এজেন্টদের কাছে পাঠাতে দেশীয় হজ এজেন্সিগুলোর আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশণা দিয়ে একটি সার্কুলার সোমবার বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, সৌদি দূতাবাস সাধারণত কোনো না কোনো হজ এজেন্সির মাধ্যমে ওমরা ভিসা দেয়। এক্ষেত্রে দেশীয় এজেন্টরা সৌদি আরবে তাদের সহযোগী এজেন্টদের সঙ্গে চুক্তি করে।
ওমরাহ শেষে সবাই যাতে দেশে ফিরে যান- তার নিরাপত্তা জামানত বাবদ সৌদি আরবের এজেন্টরা কমপক্ষে ১ লাখ সৌদি রিয়েল বাংলাদেশি এজেন্টের কাছ থেকে নেন।
এতোদিন এই জামানতের অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগত। জামানতের অর্থ পাঠানোর বিষয়টি সহজ করতেই নতুন সার্কুলার জারি করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান।
অবশ্য এ জন্য কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, কোনো এজেন্টের পক্ষে অর্থ পাঠানোর আগে ধর্ম, বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের লাইসেন্স এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের অ্যাক্রিডিটেশন সেই প্রতিষ্ঠানের আছে কী না তা সংশ্লিষ্ট ব্যাংককে নিশ্চিত হতে হবে।
একইসঙ্গে সংশ্লিষ্ট দেশীয় এজেন্টের অতীত ইতিহাসও খতিয়ে দেখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে সার্কুলারে।
