২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা এবার ‘সম্প্রসারণমুখী’ মুদ্রানীতি

রাজনৈতিক অস্থিরতায় চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধে আর্থিক খাতের অধিকাংশ লক্ষ্যই অর্জন না হওয়ায় নতুন সরকারের প্রথম মুদ্রানীতি ‘সম্প্রসারণমুখী’ হওয়া উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও ব্যাংকাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জিয়া শাহীন বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 01:56 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

তারা বলছেন, সম্প্রসারিত মুদ্রানীতি না হলে অর্থবছরের শেষ বা দ্বিতীয়ার্ধের লক্ষ্যগুলোও অধরা থেকে যাবে। ফলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না।

বাংলাদেশ ব্যাংক ২৯ জানুয়ারি চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

আসন্ন মুদ্রানীতি সম্পর্কে কোনো ধারণা না দিলেও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্থির পরিস্থিতির কারণে এবার সংশ্লিষ্ট সবার মতামত নেয়া সম্ভব হচ্ছে না। আগের মুদ্রানীতি প্রণয়নের সময় যাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, তাদের কাছ থেকে ই-মেইলে মতামত নেয়া হচ্ছে।”

তবে অর্থনীতিবিদ, ব্যাংকার ও ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য প্রতিফলিত হয়- এমন মুদ্রানীতিই এখন প্রয়োজন।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি দিয়ে আসছে তা গতানুগতিক, বলা যায় একধরনের সংকোচনমূলক মুদ্রানীতি।

“ওইসব মুদ্রানীতিতে মূল মনোযোগ ছিল মূল্যস্ফীতি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগামী মুদ্রানীতিকে অবশ্যই এ ধারা থেকে বের করে এনে কিছুটা হলেও সঙ্কুলানমুখী বা সম্প্রসারণমুখী করতে হবে।”

বেসরকারি খাতে বিনিয়োগে গতি আনতে এবং উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতেই এমন মুদ্রানীতি দরকার বলে তিনি মনে করেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারে, সামগ্রিক অর্থনীতি ঠিক থাকে এবং কর্মসংস্থান হয় এমন মুদ্রানীতি হতে হবে।”

বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, বিনিয়োগের পরিবেশ সৃষ্টির জন্য মুদ্রানীতিতে সুদ হার কিছুটা কমানো যেতে পারে।

“বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকে ঋণ ফেরত দিতে পারবে না। মুদ্রানীতিতে সে বিষয়ে উদ্যোগ থাকতে পারে। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর পাশাপাশি ব্যাংকগুলোর মধ্যে তৈরি হওয়া পারস্পরিক অনাস্থা দূর করারও উদ্যোগ নেয়া যেতে পারে।”

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “মুদ্রানীতির মূল লক্ষ্য হতে হবে বিনিয়োগ বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। কারণ ইতিমধ্যে বিনিয়োগ যেমন কমেছে তেমনি মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে।”

তার পরামর্শ, এজন্য সুদ হার ও মুদ্রা সরবরাহ ব্যবস্থা এমনভাবে সাজাতে হবে যাতে বিনিয়োগ ও মূল্যস্ফীতি- দুটোর মধ্যে সমন্বয় থাকে।

“পাশাপাশি সরকারের ঋণের বিষয়টিও মুদ্রানীতিতে সতর্কতার সঙ্গে নিতে হবে। কারণ রাজনৈতিক কারণে সরকার প্রণোদনা প্যাকেজ নিচ্ছে। এতে ব্যাংক ঋণ বাড়তে পারে। মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি হবে। অন্যদিকে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে। যদিও বাজারে অনেক তারল্য আছে।”

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির মূল লক্ষ্য হচ্ছে মুদ্রা সরবরাহ ও আর্থিক খাতে এমন নীতি গ্রহণ, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায়। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহজ হয়।

সর্বশেষ মুদ্রানীতিতে এমন লক্ষ্য ঠিক করা হলেও ডিসেম্বর শেষে দেখা গেছে, এর কোনোটাই অর্জিত হয়নি। মূল্যস্ফীতি বেড়েছে, কমেছে বিনিয়োগ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৩ সালে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৩ শতাংশ, যা আগের বছর ছিল ৬ দশমিক ২২ শতাংশ।

আর পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য মূল্যস্ফীতি নভেম্বরের ৮ দশমিক ৫৫ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ৯ শতাংশ হয়েছে।

চলতি অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫ শতাংশে রাখার পরিকল্পনা করা হলেও গেল বছর এই হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৩ শতাংশ।

তবে মুদ্রানীতি নয়, চলমান অস্থির পরিস্থিতিকেই মূল্যস্ফীতির জন্য দায়ী করেছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান।

তিনি বলেন, “খাদ্য মূল্যস্ফীতির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক না থাকলেও মুদ্রা সরবরাহ ব্যবস্থা অনেক সময় এটা প্রভাবিত করে। সম্প্রতি খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশের মূল্যস্ফীতিও আমাদের দেশের বাজারকে প্রভাবিত করেছে।”

মূল্যষ্ফীতি নিয়ন্ত্রণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত না করে বিকল্প উদ্যোগ নেয়ার পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এই অর্থবছরের নভেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবাহে ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতিতে এই প্রবৃদ্ধি ১৫ শতাংশ প্রক্ষেপণ করা হয়েছিল।