নতুন সরকারকে এফবিসিসিআই’র অভিনন্দন
শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির এক বিবৃতিতে বলা হয়, “এফবিসিসিআই দৃঢ়ভাবে আশা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী ও উন্নত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে সক্ষম হবে।
“একইসঙ্গে গত মেয়াদে সরকার কর্তৃক গৃহীত উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্য ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল ও বহুমুখী করার লক্ষ্যে সরকারের সমন্বিত পদক্ষেপের ব্যাপারে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে।
এতে বলা হয়, “এফবিসিসিআই আশা করে দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবে।”
এছাড়া বেসরকারি খাতের পক্ষ থেকে সরকারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে সরকারের সফলতা কামনা করা হয় বিবৃতিতে।
