‘বাণিজ্য বৃদ্ধিই প্রথম চ্যালেঞ্জ’
দীর্ঘ ১৩ বছর পর বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরে মন্ত্রী তোফায়েল আহমেদ জানালেন বাণিজ্য বৃদ্ধি ও ব্যবসায়ীদের সঙ্গে ভাল সম্পর্ক সৃষ্টি করাই হবে তার প্রথম কাজ।
তিনি বলেন, “ভাল লাগছে। এই দায়িত্বে আমার প্রথম চ্যালেঞ্জ হবে ফরেন ও ডোমেস্টিক ট্রেড বৃদ্ধি করা, ব্যবসায়ীদের সঙ্গে ভাল সম্পর্ক সৃষ্টি এবং কোটামুক্ত বাজার ও জিএসপি সুবিধা নিয়ে কাজ করা।”
১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করলেও ২০০৯ সালের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছিলেন দলের এই পুরনো নেতা। তবে দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠনের পর পুরনো অনেকের সঙ্গে তোফায়েলকেও মন্ত্রিসভায় ফিরিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘নিয়মরক্ষার’ নির্বাচনে জয়ের পর এই সরকার পুরো মেয়াদ থাকবে কি-না এমন প্রশ্নে এই আওয়ামী লীগ নেতা বলেন, “একটা সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়। স্বাভাবিকভাবেই চাইবে পাঁচ বছর পূরণ করতে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববারও বলেছেন, বিএনপির সঙ্গে সমঝোতা হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় যে কোনো পদক্ষেপ তিনি নেবেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তোফায়েল বলেন, “সমঝোতা হলে অনেক কিছুই হতে পারে। তবে তাদের তত্ত্বাবধায়কের দাবি যদি বলবৎ থাকে, তাহলে সমঝোতার কিছুই থাকল না।”
অবশ্য নির্বাচন বাতিলের দাবিতে দেয়া লাগাতার অবরোধ স্থগিত করায় বিএনপিকে ধন্যবাদ জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, “তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা অবরোধ তুলে নিয়েছে।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মন্ত্রী নিজের কার্যালয়ে যান এবং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।
