২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীমার দাবি দ্রুত নিষ্পত্তির নির্দেশ

রাজনৈতিক অস্থিরতায় ক্ষতি হওয়া সম্পদের বিপরীতে বীমার দাবি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 10:48 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সম্প্রতি এক প্রজ্ঞাপন জারি করে বীমা কোম্পানিগুলোকে এ নির্দেশনা দিয়েছে আইডিআরএ।

২০১৩ সালে ৭০ দিন হরতাল-অবরোধ করেছে বিরোধীদলীয় জোট। ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর জামায়াত-শিবিরকর্মীরা দেশজুড়ে তাণ্ডব সৃষ্টি করে। তার সঙ্গে যোগ হয় বিরোধী জোটের সরকারবিরোধী কর্মসূচি।

কর্মসূচি চলাকালে নাশকতায় যানবাহনসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। অনেকে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অনেকেরই বীমা রয়েছে।

আইডিআরএর সার্কুলারে বলা হয়েছে, “দেশের সার্বিক অস্থির পরিস্থিতির কারণে জনগণের জীবন, সম্পদ ও যানবাহন ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই যেসব ক্ষতিগ্রস্ত সম্পদের বীমা আছে সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকরা কোম্পানির কাছে দাবি করছেন।

“কিন্তু পরিতাপের বিষয় বীমা গ্রহীতারা তাদের দাবির ক্ষেত্রে বীমা কোম্পানির থেকে কাঙ্খিত সহযোগিতা পাচ্ছেন না। দাবি নিষ্পত্তীর কোম্পানিগুলো অহেতুক সময় নিচ্ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দাঙ্গা-হাঙ্গামার কারণে ক্ষয়-ক্ষতির দাবি উত্থাপনে নিরুৎসাহিত করা হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়।”

এ পরিস্থিতিতে সকল বীমা কোম্পানিকে বীমা গ্রাহকদের দাবিগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হচ্ছে।