২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে চলছে পুরোদমে পণ্য ওঠানামা 

বিরোধী জোটের টানা হরতাল-অবরোধের মধ্যে অনেক দিন পর কোনো কর্মসূচিবিহীন দিন পেয়ে বেনাপোল স্থলবন্দরে পুরোদমে পণ্য ওঠানামা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 02:17 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

নির্বাচনকে ঘিরে দেওয়া হরতালের শেষ দিনে বৃহস্পতিবার বন্দরের গুদাম থেকে আমদানি পণ্য খালাস করা ছাড়া তেমন কোনো কাজ হয়নি।

সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এক ভিডিও বার্তায় শুক্রবার ও শনিবার টানা অবরোধ স্থগিত রাখার ঘোষণা দেন।

শুক্রবার সকাল থেকেই শ্রমিকরা পুরোদমে কাজে যোগ দিলে প্রাণচাঞ্চল্য ফিরে পায় বেনাপোল। সকালে বন্দরের সব ফটকেই পণ্যবোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির দীর্ঘ সারি দেখা গেছে।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ আলী জানান, বন্দরের এক হাজার দুইশ নিবন্ধিত শ্রমিক শুক্রবার সকাল থেকে পুরোদমে কাজ করে যাচ্ছে।

হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও বন্দর চালু রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বৃহস্পতিবার শুল্ককর পরিশোধ করা পণ্যের চালান শুক্র ও শনিবার সরবরাহ নেয়া যাবে।”

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি নুরুজ্জামান বলেন, “বেনাপোল-পেট্রাপোল বন্দর ও কাস্টমসের সঙ্গে আলোচনা করে আমরা বন্দর সচল রাখার ব্যবস্থা করেছি।”

“ঘনঘন হরতাল অবরোধে পন্য সরবরাহ বন্ধ থাকায় বন্দরে যে পণ্যজট সৃষ্টি হয়েছে তা কমিয়ে আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।”

বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার সৈয়দ আতিকুর রহমান জানান, বন্দরে পণ্যজট কমাতে শুল্ক কর্মকর্তারাও নির্ধারিত অফিস সময়ের পরও কাজ করছেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আনোয়ার হোসেন মল্লিক বলেন, “পণ্যজট কমাতে শনিবারও বন্দরের কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত হয়েছে।”

বৃহস্পতিবার থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন শুরু হওয়ায় বন্দরের পণ্যজট দ্রুত কমে যাওয়ার আশা করছেন বন্দর পরিচালক।