২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে চাঙাভাব

বিরোধী জোটের বর্জন ও সহিংসতার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের দুই পুঁজিবাজারে টানা দ্বিতীয় দিনের মতো সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

মো. জালাল উদ্দিন সাইফ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 04:52 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ভোটের তিন দিন পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হয় প্রায় ৫৪০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৮৪ কোটি টাকা বেশি।

আর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪ হাজার ৩৯১ পয়েন্ট হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেড়ে ৫৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিনশেষে সিএসই সূচকও ১৩৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৩৩ পয়েন্ট হয়েছে।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ২২৪টির দাম বেড়েছে, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৪ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১১৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয় ৩৫৭ কোটি টাকা।

আগের দুই সপ্তাহে ৯৯ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৭৭ ও ৫১২ কোটি  টাকা ।

তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২০০ পয়েন্ট। এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।

গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা ৪ দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।