বেসিক ব্যাংক: অশোক কুমারের প্রতিবাদ
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত হয়ে নিজের সম্মানী নেয়ার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ‘সঠিক’ নয় বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক অশোক কুমার দে।
বুধবার এক বিবৃতিতে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেন তিনি।
২৬ ডিসেম্বর বিডিনিউজে প্রকাশিত ওই সংবাদে এই সংশ্লিষ্ট কোন ব্যাংক বা ব্যক্তির নাম উল্লেখ না করে বলা হয়, “সম্প্রতি একটি সরকার মালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত পর্যবেক্ষকও সভায় হাজির হয়ে অতিরিক্ত অর্থ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে তিনি প্রথম বৈঠকে হাজির হয়েই ৩০ হাজার টাকা নিয়েছেন।”
বিবৃতিতে অশোক কুমার দে বলেন, “সংবাদ ভাষ্যটির প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। সংবাদটিতে যদিও কারো নাম উল্লেখ করা হয়নি তথাপি এটা বুঝা যায় যে, আমাকে উদ্দেশ্য করেই এটা লেখা হয়েছে। কারণ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে আমিই একমাত্র পর্যবেক্ষক নিয়োজিত রয়েছি।”
তিনি বলেন, “উক্ত সভাতে অংশগ্রহণ করে আমি কোন সম্মানী গ্রহণই করি নাই। তাছাড়া এ ধরনের সম্মানী গ্রহণের কোনো বিধানও নেই। কারণ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক পরিচালনা পর্ষদের সদস্য নয়। পর্যবেক্ষক হিসাবে বাংলাদেশ ব্যাংক আমাকে প্রতি মাসে নির্ধারিত হারে ভাতা প্রদান করে থাকে।”
