২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো সপ্তাহ চালু থাকবে পেট্রাপোল-বেনাপোল

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সপ্তাহের সাত দিনই পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 05:15 PM

Updated : 23 Aug 2022, 07:34 PM

পেট্রাপোল চালু থাকলে বাংলাদেশের বেনাপোল বন্দরও পুরো সপ্তাহ খোলা রাখা হবে বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ।

সোমবার পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াড়িং এজেন্ট স্টাফ অয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে তুলা রপ্তানি নির্বিঘ্ন করতে সম্প্রতি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এস কে রাও অর্থমন্ত্রী পি চিদাম্বরমের কাছে আবেদন জানান।

“পাশাপাশি ব্যবসায়ীরা বাংলাদেশ সীমান্তে যানজটের বিষয়টিও সরকারের বিভিন্ন পর্যায়ে তুলে ধরেন।”

এরই প্রেক্ষিতে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয় থেকে পেট্রাপোল বন্দর সপ্তাহের সাতদিনই খোলার নির্দেশনা দেয়া হয় বলে জানান তিনি।

এবিষয়ে এখনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি জানিয়ে বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার  সৈয়দ আতিকুর রহমান বলেন, “পেট্রাপোল খোলা থাকলে বেনাপোলও খোলা থাকবে।  

“দেশের শিল্প কারখানার ৭০ শতাংশ কাঁচামাল ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়। কিন্তু সাপ্তাহিক ছুটি ও হরতাল-অবরোধের কারণে আমদানি-রপ্তানি ব্যাহত হয়।

সপ্তাহে সাতদিন দিন বন্দর খোলা থাকলে ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে তিনি মনে করেন।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা মশিয়ার রহমান জানান, হরতাল-অবরোধ ও পণ্যবাহী ট্রাকের জটসহ নানা কারণে এ বন্দর দিয়ে পন্য আনা-নেয়া কমে গেছে।

রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৫০-৪০০টি পণ্যবাহী ট্রাক আসে। আর বাংলাদেশ থেকে ২০০-২৫০ টি ট্রাক ভারতে যায় বলে জানান মশিয়ার।