লেনদেনের শীর্ষে ‘এ্যাপোলো ইস্পাত’
বাজারে আসার প্রথম দিনই লেনদেনের শীর্ষে উঠে এসেছে ‘এ্যাপোলো ইস্পাতের’ শেয়ার।
পুঁজিবাজারে তালিকাভুক্তির পর মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ্যাপোলো ইস্পাতের শেয়ার লেনদেন শুরু হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম লেনদেন শুরুতে ৩৪ টাকা পৌঁছায়। দিনশেষে এ শেয়ারের দাম হয় ৩৮ টাকা ৮০ পয়সা।
প্রথম দিন বলে এ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির কোনো সীমা রাখা হয়নি।
ডিএসইতে এদিন মোট ৩৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৭১ কোটি বা ১৯ শতাংশ শেয়ারই ছিল এ্যাপোলো ইস্পাতের ।
এ্যাপোলো ইস্পাত আইপিওতে ১০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২২০ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১২ টাকা প্রিমিয়াম যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২২ টাকা।
প্রতিটি মার্কেট লটে রয়েছে ২০০ টি শেয়ার।
