তানজীল-সান্নামাতের নেতৃত্বে বিএমবিএর নতুন কমিটি
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নতুন কমিটি নির্বাচিত হয়েছে।
কমিটির সভাপতি হয়েছেন ইসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজীল চৌধুরী,
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন সান্নামাত।
শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ্য হয়েছেন যথাক্রমে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মশিউর রহমান ও পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেডের মোস্তফা কামাল।
নির্বাচনের আগেই নির্বাহী কমিটির ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সেখান থেকে নির্বাহী কমিটির সদস্যদের ভোটে নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়।
কার্যকরী সদস্যরা হলেন লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের শাকিল ইসলাম ভূঁইয়া, ব্র্যাক ইপিএল লিমিটেডের খালেদ ফরাজী, এএফসি ক্যাপিটালের মাহবুব এইচ মজুমদার, সিএপিএম অ্যাডভাইজরির আদেল আহমেদ, আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের মনিরুজ্জামান, অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পঙ্কজ রায় চৌধুরী ও প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের মোশাররফ হোসেন।
এর আগে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর মিয়াকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়।
কমিশনের বাকী দুই সদস্য হলেন- এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টের মোফাখ্খারুল ইসলাম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন।
এবিষয়ে সাবেক সভাপতি মুহাম্মদ এ হাফিজ বলেন, “শনিবার সকালে বিএমবিএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে নতুন নের্তৃত্ব এসেছে। আর পুরো নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।”
