৩৯ প্রতিষ্ঠানকে আইসিএবি’র পুরস্কার
মানসম্মত বার্ষিক প্রতিবেদন ও কর্পোরেট সুশাসনের জন্য ৩৯টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
মোট ১০টি ক্যাটাগরির মধ্যে আটটিতে ৩৫টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। সেবা এবং কৃষিখাতের কোন প্রতিষ্ঠান এই পুরস্কার পায়নি।
এছাড়া ভিন্ন ক্যাটাগরিতে কর্পোরেট খাতে সুশাসনের জন্য সার্ক বাৎসরিক পুরস্কার দেয়া হয় চার প্রতিষ্ঠানকে।
শনিবার রাজধানীর একটি হোটেলে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “সরকারের পাঁচ বছরে অর্থনীতিতে যে পরিমাণ উন্নতি হয়েছে, তার আগের দশ বছরেও তা হয়নি। ”
কৃষি ও সেবা খাতে কোন প্রতিষ্ঠানের পুরস্কার না পাওয়াকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “আইসিবি’র এই উদ্যোগের কারণে দেশে কার্যরত প্রতিষ্ঠানগুলো বার্ষিক প্রতিবেদন তৈরি ও সুশাসনের বিষয়ে আরো স্বচ্ছতা ও মান বজায় রাখার চেষ্টা করবে। ”
অনুষ্ঠানে আইসিএবির সভাপতি মো. আবদুস সালাম জানান, ২০০১ সাল থেকে আইসিএবি সর্বোত্তম বাৎসরিক রিপোর্ট প্রণয়ন ও কর্পোরেট স্বীকৃতি স্বরূপ এই সম্মননা প্রদান করে আসছে।
তিনি দাবি করেন, আইসিবির এই সম্মাননা করপোরেট খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা, জ্ঞান, দক্ষতা, পেশাগত যোগ্যতা, নৈতিক গুণাবলীর চর্চায় সক্রিয় ভূমিকা রাখছে।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, সর্বোৎকৃষ্ট প্রতিবেদন সংক্রান্ত পর্যালোচনা কমিটির চেয়ারম্যান, কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি আব্বাস উদ্দিন খান প্রমুখ।
আইসিবি’র পুরস্কার প্রাপ্তদের মধ্যে সরকারি ব্যাংকিং খাতে প্রথম স্থান দখল করেছে রূপালী ব্যাংক।
বেসরকারি ব্যাংকিং খাতে প্রথম স্থান দখল করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড এবং তৃতীয় স্থান অধিকার করেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এছাড়া ১১টি ব্যাংককে ‘সার্টিফিকেট অব মেরিট’ দেয়া হয়েছে।
আর্থিক সেবা খাতে প্রথমস্থান দখল করেছে আইডিএলসি ফাইনান্স লিমিটেড, দ্বিতীয় স্থানে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইনান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড। এছাড়া লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও উত্তরা ফাইন্যান্সকে ‘সার্টিফিকেট অব মেরিট’ দেয়া হয়।
বীমা ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, দ্বিতীয় স্থানে গ্রীণ ডেল্টা ও তৃতীয় স্থানে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আইসিএবি’র দৃষ্টিতে কর্পোরেট সুশাসনের জন্য সার্ক বাৎসরিক পুরস্কারের জন্য প্রথম স্থানটি রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দখলে। এই ক্যাটাগরিতে আইডিএলসি ফাইনান্স লিমিটেড দ্বিতীয় এবং প্রাইম ব্যাংক লিমিটেড তৃতীয় পুরস্কার পেয়েছে।
উৎপাদনশীল প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেড, দ্বিতীয় স্থানে গ্ল্যাক্সোস্মিথকেলাইন বাংলাদেশ লিমিটেড ও বিএসআরএম তৃতীয় স্থান দখল করেছে।
যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে পুরস্কার পেয়েছে গ্রামীফোন লিমিটেড।
এনজিওগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে উদ্দীপণ, দ্বিতীয় স্থানে ব্র্যাক এবং তৃতীয় স্থানে ব্যুরো বাংলাদেশ।
সরকারি প্রতিষ্ঠান খাতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ প্রথম পুরস্কার লাভ করেছে।
