২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেঁয়াজের দাম কমবে’

বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বাজারে অতি উচ্চমূল্য থাকার মধ্যে পেঁয়াজের রপ্তানি মূল্য কমিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 07:16 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

এর ফলে সপ্তাহখানেকের মধ্যে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করছেন এদেশের ব্যবসায়ীরা।      

বাংলাদেশের বাজারে এখন প্রতিকেজি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা কিংবা তারও উপর বিক্রি হচ্ছে।

ভারতের পেট্রাপোল বন্দর সিএ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের রপ্তানি নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাফিড’ পেঁয়াজের রপ্তানি মূল্য ৩৫০ মার্কিন ডলার কমিয়েছে। প্রতিটন ১১শ ৫০ মার্কিন ডলার থেকে কমিয়ে ৮শ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

ওই সংক্রান্ত নির্দেশনা শুক্রবার পেট্টাপোল এলসি স্ট্রেশনে পৌঁছেছে বলে তিনি জানান।  

তিনি বলেন, কয়েক মাস ধরে ভারতে পেঁয়াজের সংকট চলছিল। দক্ষিণ ভারতের নতুন পেঁয়াজ আসার পরও এর অগ্নিমূল্য কমাতে পারেনি। ফলে ভারত এক বছরে চার দফায় পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়েছে।

এক পর্যায়ে ৯০০ ডলার থেকে পেঁয়াজের রপ্তানিমূল্য দাঁড়ায় এক হাজার ১৫০ ডলারে।

ভারতের রপ্তানিকারক আকাশ দে-এর স্বত্বাধিকারী লক্ষণ দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের রপ্তানি নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাফিড’ কর্তৃক পেঁয়াজের রপ্তানিমূল্য ৮০০ মার্কিন ডলারে নির্ধারণ করেছে।

“ন্যাফিড কর্তৃক মূল্য নির্ধারণের পর কলকাতায় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ২১ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় পড়ে ৩০ টাকা,” বলেন লক্ষণ দে।

খুলনার পেঁয়াজ আমদানিকারক সুজা এন্টারপ্রাইজের মালিক মিল্টন সাহা বলেন, পেঁয়াজ বেনাপোল বন্দরে পৌঁছানোর পর দাম দাঁড়ায় ৫৫ টাকা। ফলে পাইকারি বাজারে কেজি প্রতি দাম হয় ৬৫ টাকা।

তবে, নতুন এলসির পেঁয়াজ আসতে সপ্তাহখানেক সময় লাগবে।ওই পেঁয়াজ ঢুকলে দাম প্রতিকেজি ৫০ টাকার ভিতরে থাকবে বলে তিনি জানান।  

মিল্টন সাহা বলেন, ভারত সরকার নিজেদের বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে রপ্তানি বন্ধ না করে রপ্তানিমূল্য বাড়িয়েছিল। এখন নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে, তাই রপ্তানিমূল্য কমিয়েছে।  

চট্টগ্রামের খাতুনগঞ্জের বিএমকে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক প্রশান্ত কুমার ব্যানার্জি বলেন, দফায় দফায় রপ্তানিমূল্য বাড়ানোয় ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীল বাংলাদেশের বাজারও অস্থির হয়ে পড়ে।

“দেশের নতুন পেঁয়াজ বাজারে আসছে। এছাড়া ভারতের রপ্তানিমূল্য কমানোর ফলে পেঁয়াজের বাজার সপ্তাহখানেকের মধ্যে সকলের নাগালের মধ্যে আসবে,” বলেন তিনি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (পরিদর্শক) আব্দুল আজিজ জানান, গত তিন মাসে বেনাপোল দিয়ে দুই হাজার ৭১৭ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে।