২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্য পতাকা নিতে বাধ্য করবেন না’

রাজনীতিবিদদের সহিংস পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 06:11 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

রোববার দুপুরে চট্টগ্রামে এক মানববন্ধন কর্মসূচি থেকে ব্যবসায়ী নেতারা এ আহ্বান জানান।

এফবিসিআই ঘোষিত ‘শিল্প বাণিজ্যের অবকাঠামো ধ্বংসের প্রতিবাদ এবং শান্তির দাবিতে’ সাদা পতাকা নিয়ে চট্টগ্রাম চেম্বার ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে চট্টগ্রাম চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি সাদা পতাকা হাতে কর্মসূচিতে অংশ নেন।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম সহিংস পথ পরিহারের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের উৎপাদন ও সরবরাহ ঠিক থাকবে-রাজনীতিবিদদের এই নিশ্চয়তা দিতে হবে। আজ সাদা পতাকা হাতে নিয়েছি। আমাদের অন্য পতাকা হাতে নিতে বাধ্য করবেন না।”

বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, বিদেশি ক্রেতারা এদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে শ্রমিকরা অচিরেই রাস্তায় নামতে বাধ্য হবে।

“রাজনীতিবিদরা যে জিডিপি বৃদ্ধির দাবি করছেন তা আমাদের অবদান। মানুষ যেন নির্ভয়ে সব কাজ করতে পারে সে নিশ্চয়তা দিতে হবে। আমরা সবাই একটা ভয়ের পরিবেশের মধ্যে আছি।”

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই পরিচালক এম. এ. ছালাম, বিজিএমইএর ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি আবদুল ওহাব, ঢাকা মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি আনিস এ খান, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ, বিকেএমইএর সাবেক পরিচালক শওকত ওসমান প্রমুখ।

কর্মসূচিতে চেম্বার নেতারা ছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএপিএমইএ, বারভিডা, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, দোকান মালিক সমিতি, উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জুবিলী রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বিপণী বিতান মালিক সমিতি, বন্দর ট্রাক মালিক সমিতি, টেরীবাজার ব্যবসায়ী সমিতি, পোলট্রি ব্রিডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন, প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, আন্তঃজেলা ট্রাক ও কভার্ডভ্যান সমিতি, ডেকোরেটর মালিক সমিতি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, মিমি সুপার মালিক সমিতি, জুয়েলারী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।