২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার আশঙ্কায় বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

নাশকতা ও পণ্যজটের আশঙ্কায় বেনাপোল দিয়ে পন্য আমদানি বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 05:28 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

পেট্রাপোল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার শুভেন দাসগুপ্ত জানিয়েছেন, বেনাপোল বন্দরের টার্মিনালে ট্রাক রাখার জায়গা না থাকায় তাদের অনুরোধে ভারত থেকে রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

বুধবার থেকে তারা কোনো গাড়িকে ছাড়পত্র (কারপাস) দিচ্ছেন না।

অন্য দিকে, অবরোধে রপ্তানির জন্য ট্রাক মালামাল নিয়ে না আসায় চারদিন ধরে এ বন্দরে রপ্তানিও বন্ধ রয়েছে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) ড. আনোয়ার মল্লিক জানিয়েছেন, এ স্থলবন্দরে গুদামের ধারণ ক্ষমতার চেয়ে তিনগুন বেশি পণ্য রাখা হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণ ক্ষমতা ৩৮ হাজার মেট্রিক টন হলেও বন্দরে মালামালের পরিমাণ এক লাখ টন ছাড়িয়েছে।

“বন্দরের ৩৬টি গুদাম, ৫টি ইয়ার্ড, একটি ট্রান্সশিপমেন্ট এবং ৩টি টার্মিনালের কোথাও কোনো মাল রাখার জায়গা নেই।”

দেশের সবচেয়ে এ স্থলবন্দরে প্রতিদিন প্রত্যক্ষ ও পরোক্ষ কর বাবদ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ কোটি টাকা।

বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার সৈয়দ আতিকুর রহমান মনে করছেন হরতাল-অবরোধের কারণে এ লক্ষ্য অর্জন এখন সম্ভব হবে না।

স্বাভাবিক সময়ে দিনে গড়ে চারশ’ ট্রাক বন্দর থেকে পণ্য নিয়ে দেশের ভেতরে যায় উল্লেখ করে তিনি জানান, নিরাপত্তা জনিত কারণে কোন ট্রাক বন্দর এলাকা ছাড়েনি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে ও পরে ১০ দিনের হরতাল-অবরোধে বেনাপোল শুল্ক বিভাগে ১৭০ কোটি টাকা রাজস্ব ঘাটতি হওয়ার আশঙ্কা রয়েছে।”

এ অবস্থায় বন্দর পরিস্থিতির বর্ণনা দেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মসলেম উদ্দিন।

তিনি বলেন, “আমদানি পণ্যে সব সয়লাব হয়ে গেছে। প্রধান সড়কের দুধারে আমদানি পন্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বন্দর অভ্যন্তরে খোলা আকাশের নিচে কোটি কোটি টাকার মাল রাখা হয়েছে।

“পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করতে পারছে না।

“ভারত থেকে প্রচুর গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানি হওয়ায় জট তীব্র হয়েছে। ”

ভারত থেকে পণ্যবাহী ট্রাক না আসা প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে যে কোন সময় নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

“তবে সিদ্ধান্তটি সাময়িক। ভারতীয় ট্রাক পন্য খালাশ করে ফেরত যাওয়া শুরু হলে আবারও আমদানি শুরু হবে,” বলেন এই শুল্ক কর্মকর্তা।

অবরোধ শেষে শুক্রবার ট্রাক বন্দর ছাড়া শুরু করলে যানজট অনেকটা কমবে বলে আশা করছেন এ বন্দরের পরিচালক (ট্রাফিক) ড. আনোয়ার মল্লিক।