নাশকতা-সহিংসতায় হুমকিতে পর্যটন শিল্প
হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির নামে অব্যাহত নাশকতা ও সহিংসতার কারণে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশের পর্যটন শিল্প।
সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা বলছেন, কর্মসূচিগুলোতে চলমান সহিংসতার কারণে চলতি বছর পর্যটন মৌসুম শুরু হলেও বিদেশি পর্যটক একেবারেই আসছে না। দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের অনেকেই তাদের যাত্রা বাতিল করেছেন।
সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময় বাংলাদেশে সবচেয়ে বেশিসংখ্যক পর্যটক আসে। প্রতিবছরই এই সময়ের অপেক্ষা করেন এ শিল্পের উদ্যোক্তারা।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক তৌফিক রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশি পর্যটকরা সাধারণত সেপ্টেম্বর থেকে আসা শুরু করেন। কিন্তু এ বছর যা অবস্থা তাতে মনে হচ্ছে এ সংখ্যা শুন্যের কোঠায় নামবে।
“আমাদের সোর্স অপারেটররা, যারা দেশের বাইরে থেকে আমাদের এখানে পর্যটক পাঠান, তারাও চিন্তিত। একের পর এক যাত্রা বাতিল হচ্ছে, আর আমরা লোকসান গুনছি।”
ট্যুর অপারেটর জার্নি প্লাস-এর প্রধান নির্বাহী তৌফিক বলেন, শুধু ডিসেম্বরেই প্রায় ৫শ বিদেশি পর্যটক আসার কথা থাকলেও পরিস্থিতির কারণে তাদের ট্যুর বাতিল করা হয়েছে।
“এদের একেকজন প্রায় ৮০০ থেকে ১০০০ মার্কিন ডলার করে খরচ করতো। এক্ষেত্রে ক্ষতির হিসাবটা সহজেই অনুমান করা যায়।”
তৌফিকের হিসেবে, শুধু ডিসেম্বরেই ট্যুর অপরাটেরদের তিন কোটি ৯০ লাখ টাকার ক্ষতি হবে।
এই পর্যটন ব্যবসায়ী জানান, পর্যটন এলাকার হোটেল-রিসোর্টগুলোর অবস্থাও খারাপ। কক্সবাজার, রাঙামাটি ও কুয়াকাটার প্রায় ২৫০-৩০০ হোটেল প্রায় পর্যটকশুন্য।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, প্রতিবছর পর্যটন মৌসুমে গড়ে তিন থেকে চার লাখ বিদেশি পর্যটক দেশে আসে। এবছর কয়েক মাস পেরিয়ে গেলেও পর্যটকরা আসছেন না।
বাংলাদেশ পর্যটন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আকতার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর্যটন মৌসুম সবে শুরু হওয়ায় এখনো বিদেশি পর্যটকদের হিসেব এসে পৌঁছেনি।
“তবে এই সংখ্যা যে গত বছরের তুলনায় অনেক কম হবে- তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক অস্থীতিশীলতার কারণে ট্যুর অপারেটরদের একের পর এক ট্যুর বাতিল করতে হচ্ছে।
এবিষয়ে পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এবিষয়ে ইতিমধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করছি। কি করা যায়, কীভাবে পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি করা যায়। আমরা নিজেরাও আসলে উদ্বিগ্ন।”
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটকবাহী যানবাহনকে হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবি তুলেছে আটাব।
তৌফিক বলেন, “আমরা এই বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা মনে হয় আমাদের কথা আমলে নেননি। তাই কোনো নেতার সঙ্গেই সাক্ষাতের সময় পাওয়া যায়নি।”
এছাড়া পর্যটকবাহী গাড়ির জন্য ভিন্ন রংয়ের নম্বর প্লেট সরবরাহ করার দাবি জানান তিনি।
পর্যটকদের বহনকারী গাড়ির জন্য ভিন্ন রংয়ের নম্বর প্লেট দেয়ার প্রস্তাবনাকে তিনিও সমর্থন করেন।
কামরুল, “এটি হলে অনেক ভালো হবে। আমরা সবাই যদি এটি মেনে নিই, যে এ ধরনের গাড়ীর প্রতি সৌহাদ্যপূর্ণ আচরণ করব, তাহলে কোনো সমস্যা হবে না।”
নির্বাচনকালীন সরকারের ধরণ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিরোধের কারণে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে।
বিগত দিনে বিএনপিসহ বিরোধী জোটের হরতালে প্রাণহানির পর চলমান টানা অবরোধে সহিংসতায় এই পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
