২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রতিমাসে স্মার্ট ফোনের চাহিদা ২ লাখ

দেশে স্মার্ট ফোনের চাহিদা প্রতিমাসে দুই লাখের কাছাকাছি এবং আগামী এক বছরের মধ্যে তা বেড়ে দ্বিগুণ হবে বলে এক অনুষ্ঠানে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 06:37 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

শনিবার সকালে রাজধানীর একটি হোটেল হুয়াই কোম্পানির নতুন স্মার্ট ফোনসেট অ্যাসেন্ড পি সিক্স বাজারে ছাড়া উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কিউ মোবাইল-এর পরিচালক মোহাম্মদ মেসবাহউদ্দিন বলেন, “চলতি বছরের জানুয়ারিতেও প্রতিমাসে ৮০ হাজার স্মার্ট ফোন বিক্রি হতো। কিন্তু শেষ প্রান্তিকে এর চাহিদা তিন দফা বেড়ে মাস প্রতি ২ লাখে পৌঁছেছে।”

এই হারে স্মার্ট ফোনের বাজার বাড়তে থাকলে আগামী বছর নাগাদ এর পরিমাণ দ্বিগুণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কিউ মোবাইল বাংলাদেশে চীনের স্মার্ট ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াইয়ের পরিবেশক।

মেসবাহউদ্দিন জানান, ২০১৪ সাল নাগাদ হুয়াই বাংলাদেশের মোট স্মার্ট ফোন বাজারের ১০ শতাংশ নিজেদের কব্জায় নিতে পারবে বলে লক্ষ্য স্থির করেছে।

সংবাদ সম্মেলনে হুয়াই বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকের ঝো জানান, ২০১৫ সাল নাগাদ বাংলাদেশের বাজারে শীর্ষস্থানে পৌঁছানোর পরিকল্পনা করেছেন তারা।