পুনঃঅর্থায়ন আবেদনের সময় বাড়ানোর দাবি
পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তায় পুনঃঅর্থায়নের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা নেয়ার আবেদনের সময় আরো এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকাররা।
বুধবার বিকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুষ্ঠিত এক বৈঠকে এসব প্রস্তাব দেয়া হয়।
অর্থ নিতে বিনিয়োগকারীদের মাঝে যে অনিহা রয়েছে, তা দূর করার প্রস্তাব দেয়া হয়েছে এ বৈঠকে।
বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র এবং পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিযোগকারীদের সহায়তা তহবিলের তদারকি কমিটির আহ্বায়ক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান ।
তিনি বলেন, “পুনঃঅর্থায়ন তহবিলের অর্থ ছাড়ের বিষয়ে বৈঠকে বেশ কিছু সমস্যা উঠে এসেছে। এ তহবিলে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে স্টেকহোল্ডারদের পক্ষ থেকে।”
“আগামী বৃহস্পতিবার তদারকি কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”
পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগেকারীদের সুদ মওকুফের জন্য ৯০০ কোটি টাকা দিতে রাজি হয় বাংলাদেশ ব্যাংক। এর প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ইতিমধ্যে আইসিবিকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এই টাকা নিতে বিনিয়োগকারীদের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়। এ সব শর্তের জন্য তেমন একটা আগহ দেখাচ্ছেন না ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
