ইউসিবিএলের ‘ইউক্যাশ’ চালু
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) মোবাইল আর্থিক সেবা ‘ইউক্যাশ’ চালু করেছে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এম এ হাশেম।
এ সময় তিনি বলেন, ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ‘ইউক্যাশ’ চালু করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান শরিফ জহির, নির্বাহী কমিটির চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এ টি এম জহিরুল আলম, পরিচালনা পর্ষদের সদস্য এম এ সবুর, জাহাঙ্গির আলম খান, তানভির খান এবং ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আলী বলেন, দ্রুত, নিরবিচ্ছিন্ন ও সহজে ইউক্যাশ সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে দেশব্যাপী দশ হাজার এজেন্ট নিয়োগ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে রবি ও এয়ারটেল গ্রাহকরা ইউক্যাশ সুবিধা উপভোগ করতে পারবেন।
খুব শিগগিরই সকল মোবাইল অপারেটরের গ্রাহকরা ইউক্যাশ সুবিধার আওতায় চলে আসবেন বলে জানান তিনি।
