প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে পুঁজিবাজারে আগ্রহ
বিনিয়োগকারীদের আগ্রহের মধ্যে রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আগারগাঁওয়ে ভবনের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
টানা দরপতনের পর অক্টোবরের মাঝামাঝি থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার।
চার সপ্তাহ একটানা ৬০০ পয়েন্টের বেশি বেড়ে বুবধার ঢাকার পুঁজিবাজারের সার্বিক সূচক (ডিএসইএক্স) ৪ হাজার ৪৪০ পয়েন্টে পৌঁছে, গত জানুয়ারিতে নতুন সূচক চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান।
গতে একমাসে বাজারের দৈনিক লেনদেনও ক্রমাগত বেড়ে চলেছে। গত বুধবার ঢাকার পুঁজিবাজারে ৮৮৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।
বিএসইসি ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনের কথা কয়েকদিন ধরেই বিনিয়োগকারীদের মুখে মুখে ঘুরছে।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর রশীদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতো ব্যস্ততার মধ্যে প্রধানমন্ত্রী এসইসির ভবন ভিত্তিপ্রস্তরে আসার সম্মতি দেয়ায় বিনিয়োগকারীরা খুবই আনন্দিত এবং আশাবাদী।”
বর্তমান সরকারের সময় দেশের দুই পুঁজিবাজারের সূচক ‘অতিরিক্ত’ উচ্চতায় ওঠার পরে ২০১০ শেষের দিক থেকে ধস নামে।
এরপর সমালোচনা ও বিনিয়োগকারীদের আন্দোলন বিক্ষোভের মধ্যে পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সংশ্লিষ্টদের নিয়ে একাধিকবার বৈঠক করেন শেখ হাসিনা।
এদিকে সাম্প্রতিক সময়ে বাজারের এ উত্থানকে ইতিবাচকভাবে দেখছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি শাকিল রিজভী।
“দ্বিতীয়ত, শেয়ার দাম কমে যাওয়ায় উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে।
“তৃতীয়ত, বিনিয়োগকারীরা মনে করছে আগামী কিছুদিনের মধ্যেই দেশে পাঁচ বছরের জন্য নতুন একটি সরকার আসবে। এ ধারণা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।”
আড়াই বছর ধরে চলা ধস মোকাবিলায় নানা ধরনের আইন ও নীতিমালা সংশোধন ও প্রণয়ন করা হয়। স্টক এক্সচেঞ্জগুলোর ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদাকরণ) সম্পন্ন করা হয়েছে।
