২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমিউচ্যুয়ালাইজড্ হলো দেশের দুই পুঁজিবাজার

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশনের (মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদাকরণ) প্রক্রিয়া শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 08:01 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

বৃহস্পতিবার রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) কাছ থেকে সংঘস্মারকও সংঘবিধির নিবন্ধিত সনদ এবং পাবলিক কোম্পানিতে রূপান্তরের পুনঃনিবন্ধন সনদ পেয়েছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।

আইন অনুযায়ী, এই সনদ পাওয়ার পর থেকেই স্টক এক্সচেঞ্জ দুটির ডিমিউচ্যুয়ালাইজেশনের প্রক্রিয়া শেষ সম্পন্ন হয়েছে।

সনদ পাওয়ার ৯০ দিনের মধ্যে পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ করে নতুন পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হতে হবে।

এবিষয়ে ডিএসইর পরিচালক ও সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী জানান, ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী সংঘস্মারক ও সংঘবিধি নিবন্ধিত সনদ এবং পাবলিক কোম্পানিতে রূপান্তরের পুননিবন্ধন সনদ প্রদান করেছে আরজেএসসি। সুতরাং বৃহস্পতিবার থেকে স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড হয়ে গেল।”

“ফলে নতুন পরিচালনা পর্ষদের জন্য ৯০ দিনের দিনক্ষণ গণনা শুরু হলো।”

সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেনও আরজেএসসির সনদ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

বিএসইসি অনুমোদিত ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম অনুযায়ী গত ২৫ অক্টোবর সিএসই এবং ২ নভেম্বর ডিএসই বিশেষ সাধারণ সভা (ইজিএম) শেষ করে।

সভায় দুই স্টক এক্সচেঞ্জের সংঘবিধি ও সংঘস্মারক অনুমোদন করে নিবন্ধনের জন্য আরজেএসসিতে পাঠানো হয়।

বৃহস্পতিবার আরজেএসসির পক্ষ থেকে সনদ দেয়া হলো।