পোশাক খাতে অস্থিরতায় শ্রমমন্ত্রীর হুঁশিয়ারি
পোশাক শিল্পে সাম্প্রতিক বিশৃঙ্খলার জন্য শ্রমিক নেতাদের দায়ী করে এইখাতে স্থিতিশীলতা ফেরাতে শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
নইলে আন্দোলনে জড়িত শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
বুধবার সন্ধ্যায় শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাক শিল্পের মালিক, শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী।
বৈঠকে শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, শ্রম সচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামসহ ৪০টি শ্রমিক সংগঠনের নেতা ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোশাক শিল্পে মজুরি কাঠামো নিয়ে সম্প্রতি গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে আন্দোলন, ভাংচুরের ঘটনা ঘটছে। বুধবারও আশুলিয়া এলাকায় আন্দোলনের কারণে ২০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
শ্রম সচিব মিকাইল শিপার বলেন, বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদেরকে কাজে যোগ দেয়ার জন্য বৈঠক থেকে অনুরোধ জানানো হয়েছে।
বৈঠক শেষে মালিক ও শ্রমিক পক্ষ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
গত ৫ নভেম্বর মজুরি বোর্ড পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য প্রাথমিক প্রস্তাব দেয়। মালিকপক্ষ প্রথমে আপত্তি জানালেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর তারা মেনে তা নেন।
কয়েকটি শ্রমিক সংগঠন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ন্যূনতম আট হাজার টাকা মজুরি দাবিসহ মজুরি বোর্ডের সুপারিশকরা বেতন কাঠামোতে বেতনের মূল অংশ (বেসিক) কমানো হয়েছে বলে অভিযোগ তাদের।
মজুরি বোর্ড ৩২০০ টাকা মূল বেতনের সুপারিশ করলেও কারখানা মালিকদের আপত্তির মুখে তা কমিয়ে ৩০০০ টাকা নির্ধারণ হয়েছে।
বৃহস্পতিবার বোর্ডের চূড়ান্ত প্রস্তাব
তিন হাজার টাকা মূল বেতন (বেসিক) ধরে মোট পাঁচ হাজার ৩০০ টাকার ন্যূনতম মজুরির চুড়ান্ত প্রস্তাব দিচ্ছে মজুরি বোর্ড।
বৃহস্পতিবার শ্রম মন্ত্রনালয়ে এ প্রস্তাব জমা দেয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শ্রম সচিব মিকাইল শিপার।
তিনি বলেন, “বৃহস্পতিবার তিন হাজার টাকা মুল বেতন ধরে মোট পাঁচ হাজার ৩০০ টাকার ন্যূনতম বেতনের চুড়ান্ত প্রস্তাব দেবে মজুরি বোর্ড। এরপরে সব পক্ষের সঙ্গে আলোচনা করে তা চুড়ান্ত করা হবে। প্রয়োজন হলে তখনও সংশোধন করা হবে।”
