শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর
মজুরি বৃদ্ধির দাবিতে সহিংসতা বন্ধ করে পোশাক শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “আমি পোশাক খাতের শ্রমিকদের কাজে যেতে ও উৎপাদন বৃদ্ধির আহ্বান জানাচ্ছি। অন্যথায়, সীমা লংঘনের কারণে কারখানা বন্ধ হলে বা রপ্তানি অর্ডার বাতিল হলে আপনাদেরকে চাকরি হারিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হবে।”
‘বৃহত্তর স্বার্থে’ শ্রমিকদের বাস্তবতা অনুধাবন করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দীর্ঘ টানাপড়েন শেষে কারখানা মালিকরা সরকার গঠিত মজুরি বোর্ডের প্রস্তাব অনুযায়ী পাঁচ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি মানতে রাজি হলেও গাজীপুর ও সাভারে গত দুই সপ্তাহ ধরে প্রতিদিনিই শ্রমিক অসন্তোষ চলেছে।
এই পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই বহু কারখানায় কাজ বন্ধ থাকছে। ভাংচুর, সংঘর্ষের মতো ঘটনাতেও জড়াচ্ছে পোশাক শ্রমিকরা। সোমবার গাজীপুরে কাশিমপুরে সংঘর্ষে দুই শ্রমিকের মৃত্যুও ঘটেছে।
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, আগামী ডিসেম্বর মাসটি পোশাক খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময় খ্রিস্টমাসের বাজার ধরতে ব্যর্থ হলে ক্রেতারা কোনো অর্ডার দেবে না। এতে দেশের ৪০ লাখ শ্রমিকসহ গোটা গার্মেন্ট খাত ক্ষতিগ্রস্ত হবে।
“আমি জানি না- কিছু শ্রমিক নেতার পকেট ভারি হয়েছে কিনা। কিন্তু আমি একথা নিশ্চিতভাবে বলতে পারি, এর ফলে শ্রমিকরা ভয়াবহ ক্ষতির মুখে পড়বে।”
বর্তমান সরকারের সময়ে পোশাক শ্রমিকদের মজুরি দুই বার বৃদ্ধির উদ্যোগের কথাও তিনি অনুষ্ঠানে তুলে ধরেন।
“২০০৯ সালে দায়িত্ব গ্রহণকালে এ খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল মাত্র ১৬শ’ টাকা। ওই সময় সরকার উদ্যোগ নিয়ে মজুরি ৩ হাজার টাকায় উন্নীত করে। সেসময় গার্মেন্ট মালিকরা এই বর্ধিত বেতন দিতে রাজি ছিলেন না। এ নিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। আমি নিজে শ্রমিকদের পক্ষে বার্গেইনিং এজেন্ট হিসাবে কাজ করি।”
এবারও তিনি মজুরি কমিশনের নির্ধারিত ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি দিতে মালিকদের চাপ দিয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
মালিক-শ্রমিকদের মধ্যে ‘সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক’ গড়ে তুলতে কাউন্সিলিং চালুর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে সবার জন্যই ভাল হবে।
শেখ হাসিনা বলেন, গত প্রায় পাঁচ বছরে সবার সম্মিলিত চেষ্টায় দেশের আর্থ-সামজিক সূচকগুলো ইতিবাচক ধারায় রাখা সম্ভব হয়েছে।
“এটা হয়তো আরও ভাল হতো, যদি বিরোধীদল অযৌক্তিক হরতাল-অবরোধ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করত। তা সত্বেও প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে।”
এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ৪৭ জন উদ্যোক্তার মধ্যে ২০১০-১১ অর্থবছরের জাতীয় রফতানি ট্রফি বিতরণ করেন।
এবার ২০ জনকে স্বর্ণ, ১৫ জনকে রৌপ্য ও ১১ জনকে ব্রোঞ্জ পদক দেয়া হয়। এছাড়া সর্বোচ্চ রপ্তানিকারককে দেয়া হয় একটি স্বর্ণপদক।
অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান সুভাশীষ বোস।
