মোবাইল ব্যাংকিং গ্রাহক কোটি ছাড়াল
দেশে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস তথা মোবাইল ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা এক কোটি (১০ মিলিয়ন) এর মাইল ফলক অতিক্রম করেছে। ১১ নভেম্বর এর গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ৩৫ হাজার।
এপ্রিল শেষে এ সংখ্যা ছিল ৫০ লাখ । সাত মাসের ব্যবধানে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।
“মোবাইল ব্যাংকিং শুরুর তিন বছরের বছরের মধ্যে এ অর্জন আর্থিক অন্তর্ভুক্তি (ফিনান্সিয়াল ইনক্লুশন) কার্যক্রমে বিশেষ অবদান রাখবে।”
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে এখন অর্থ প্রেরণ, জমা ও উত্তোলন, বেতন ভাতাদি প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, মার্চেন্ট পেমেন্ট ইত্যাদি কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২৮টি ব্যাংককে এ সেবা প্রদানের অনাপত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৯টি ব্যাংক ইতিমধ্যে এ সেবা চালু করতে সক্ষম হয়েছে।
ব্র্যাক ব্যাংক লিঃ এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘বিকাশ’ এবং ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রদানে শীর্ষে আছে।
সেপ্টেম্বর মাসে এ সেবা গ্রহণকারী গ্রাহক সংখ্যা ছিল ৮৯ লাখ ৩০ হাজার।
অক্টোবরে তা বেড়ে ৯৯ লাখ ৮০ হাজারে দাড়ায়। নভেম্বরে কোটি ছাড়িয়েছে।
গ্রাহক সংখ্যা বৃদ্ধির মাসিক হার প্রায় ১১.৭৯ শতাংশ।
অক্টোবরে মোট লেনদেনের সংখ্যা ও পরিমাণ ছিল যথাক্রমে ২ কোটি ৩৬ লাখ এবং পাঁচ হাজার ৯৬ কোটি টাকা।
দৈনিক গড় লেনদেন সংখ্যা ৭ লাখ ৮৫ হাজার টাকা।লেনদেনের পরিমাণ ১৭০ কোটি টাকা।
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস ব্যবহার করে বেতন ভাতাদি প্রদান এবং ইউটিলিটি বিল পরিশোধের পরিমানও ক্রমান্বয়ে বাড়ছে বলে বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে।
