মুনাফা তোলায় সূচক কমেছে ডিএসইতে
বিনিয়োগকারীরা মুনফা তুলে নেয়ায় সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকার পুঁজিবাজারের সার্বিক সূচক কমেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৫০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা রোববারের তুলনায় ৬ কোটি টাকা বেশি।
এ বাজারের সাবির্ক সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে হয়েছে ৪ হাজার ১৯৯ পয়েন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এদিন হাতবদল হয়েছে ৬১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা বেশি। আর সার্বিক সূচক ৬৭ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ১৯৭ পয়েন্ট।
সোমবার ডিএসইতে লেনদেনে থাকা ১৪৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৪টির দাম। তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৭টিরই শেয়ারের দাম কমেছে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েক দিন ব্যাংক শেয়ারের দাম বেড়েছিল। আজ মুনাফা তুলতে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিয়েছেন। তাই লেনদেন বাড়লেও শেয়ারের দাম কমেছে।”
এদিন ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৬ পয়েন্ট হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ৪৪ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় ৪৯৮ কোটি টাকার শেয়ার।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম দিন সূচক বাড়ে ৭৬ পয়েন্ট, ৫৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ২৩৩ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন হয় ৩৯৬ কোটি টাকার শেয়ার।
আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৬৮ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন হয় ৩৪৯ কোটি টাকার শেয়ার।
তার আগের চার সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায়। দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে আসে।
