ডিএসইতে এক সপ্তাহে সূচক বেড়েছে ২৩৩ পয়েন্ট
টানা এক মাস পতনের পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দ্বিতীয় সপ্তাহের মতো সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর সার্বিক সূচক বেড়েছে প্রায় ৮৯ পয়েন্ট, যার ফলে পুরো সপ্তাহে এ বাজারের সূচকে ২৩৩ পয়েন্ট যোগ হয়েছে।
এ সপ্তাহে প্রতিদিন গড়ে ৩৯৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে।
ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু বিদেশি বিনিয়োগ এসেছে। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে- এমন আশাও কাজ করেছে।”
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে যে কোম্পানিগুলোর ভাল মুনাফা করেছে, তাদের শেয়ার গত দুই সপ্তাহ ধরেই ভাল করছে বলে জানান তিনি।
সপ্তাহের শেষ দিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সূচক বাড়তে থাকে। দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স বেড়ে হয় ৪ হাজার ২২১ পয়েন্ট।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সিএসসিএক্স ১৭২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৮০ পয়েন্ট হয়েছে।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ এদিন প্রায় দশমিক ১৮ পয়েন্ট বেড়েছে; হয়েছে ১ হাজার ৪৫৩ পয়েন্ট।
এদিন প্রায় ৪৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে, যা বুধবারের তুলনায় ৮৪ কোটি টাকা বেশি।
লেনদেনে থাকা ২২১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৫২টির কমেছে এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৩৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা কম।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৬৮ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ছিল ৩৪৯ কোটি টাকা।
তার আগের চার সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায়। দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে আসে।
