২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে বন্দর-কাস্টমস খোলা রাখার অনুরোধ

হরতালের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনে বন্দর, কাস্টমস ও শুল্ক কেন্দ্রগুলো খোলা রাখার অনুরোধ জানিয়ে নৌমন্ত্রীকে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 08:42 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বুধবার চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম নৌ পরিবহন মন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে এ বিষয়ে পৃথক চিঠি দেন।

বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, চলতি সপ্তাহে ৬০ ঘণ্টাসহ বেশ কিছুদিন ধরে টানা হরতালের কারণে আমদানি-রপ্তানিসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

এতে করে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বস্তরের মানুষ নানা রকম দুর্দশার শিকার হচ্ছেন।

এ অবস্থায় অর্থনৈতিক ক্ষতি উত্তরণে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দর খোলা রাখতে চিঠিতে অনুরোধ জানানো হয়।

পাশাপাশি চট্টগ্রাম কাস্টমসসহ দেশের সব শুল্ক কেন্দ্র খোলা রাখতে আলাদা চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ জানান  চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যতদিন হরতাল ও অস্থিতিশীল পরিস্থিতি বজায় থাকবে ততদিন সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বন্দর-কাস্টমসের কার্যক্রম চালু রাখার অনুরোধ করা হয়েছে চিঠিতে।