২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের সিঙ্গাপুর ফ্লাইট চালু

বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের নতুন আন্তর্জাতিক রুট ঢাকা-সিঙ্গাপুর সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 11:20 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে সপ্তাহে তিন দিন ১৬৭ আসনের এমডি-৮৩ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালিত হবে।

প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে সোম, বুধ ও শনিবার ঢাকা ও সিঙ্গাপুর এর মধ্যে ফ্লাইট পরিচালিত হবে। এসব দিন ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রাত ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাবে ফ্লাইটটি।

এ রুটে শুধু সিঙ্গাপুর যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৮৪৮১ টাকা এবং ঢাকার রিটার্ন টিকিটসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৪০০১ টাকা। এতে সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

সোমবার ভোরে শাহজালাল বিমানবন্দরে নতুন ফ্লাইটের উদ্বোধন করেন ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী।

তিনি বলেন, “যাত্রীদের সুবিধার্থে সর্বোচ্চ সেবা, প্রতিযোগিতামূলক ভাড়াসহ সব ধরনের সুবিধা দিচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ। বাংলাদেশের প্রেক্ষাপটে জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ গন্তব্য সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিক ভাইদের জন্য আরো কিছু বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের।”

বর্তমানে কয়েকটি আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালা লামপুর, কাঠমান্ডু, ব্যাংকক ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে ইউনাইটেড এয়ারওয়েজ। এছাড়া চট্টগ্রাম থেকে কলকাতা ও মাস্কাট রুটেও ফ্লাইট পরিচালিত হচ্ছে।

খুব শিগগিরই ইয়াঙ্গুন, করাচি, দোহা, রিয়াদ, দাম্মামেও ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান কর্মকর্তারা।

ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীণ সব রুটে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল ও ঈশ্বরদী রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউনাইটেড।