২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে রবির ইন্টারনেট মেলা ১৬ নভেম্বর

ইন্টারনেট সেবা সম্পর্কে সচেতনতা তৈরি করতে দেশজুড়ে ইন্টারনেট মেলা করবে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলা ১৬ নভেম্বর থেকে ডিসেম্বর মাসজুড়ে চলবে।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল রূপসী বাংলায় এক সংবাদ সম্মেলনে তথ্য জানান রবির প্রধান মার্কেটিং অফিসার প্রদীপ শ্রীবাস্তব। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ উপস্থিত ছিলেন।

প্রযুক্তিমন্ত্রী বলেন, “এর আগেও আমরা একটি পাইলট প্রকল্প করেছিলাম যেখানে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতন করা হয়। এবার থানা পর্যায়ের কলেজগুলোতে এ কার্যক্রম চালানো হবে।

“মূলত ইন্টারনেটের সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি এটি শিক্ষার্থীদের সামনে নতুন এক জগত্ উন্মোচন করবে।” 

মেলা চলাকালীন সময়ে প্রতিটি কলেজ থেকে সেরা একজন করে বাছাই করে তাদের একটি ট্যাবলেট কম্পিউটার পুরস্কার দেয়া হবে বলেও জানান তিনি।

আয়োজনের সাথে সহযোগী হিসেবে থাকবে স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইয়ূবুর রহমান খান বলেন, মেলা চলাকালীন সময়ে দর্শনার্থীরা বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। মেলায় স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরি করা হবে।

প্রদীপ শ্রীবাস্তব জানান, দেশের ৪২৯ টি থানার ৫০০টি কলেজে এ মেলা অনুষ্ঠিত হবে।

“রবি ৩.৫জি ইন্টারনেট মেলা আমাদের দেশের সাথে বিশ্বের সংযোগ স্থাপন এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়ক হবে”

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট ৫০০টি কলেজ প্রাঙ্গনে রবি ৩.৫জি ইন্টারনেট মেলা অনুষ্ঠিত হবে যেখানে দর্শনার্থীদের ইন্টারনেট অভিজ্ঞতা অর্জনের জন্য ‘এক্সপেরিয়েন্স বুথ’ থাকবে। এই মেলার মাধ্যমে দর্শনার্থীরা ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

মেলায় একটি হেলথ ক্যাম্পও থাকবে যেখানে দর্শনার্থীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি ‘কর্নার’ থাকবে যেখানে মন্ত্রণালয়টির নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হবে। মেলায় স্থাপিত ‘টিচার্স প্যারেন্টস অ্যাডভোকেসি’ বুথে শিক্ষার্থী ও শিক্ষকদের রবি’র বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দেয়া হবে।

নির্ধারিত কয়েকটি মেলায় প্রথম আলো জবস-এর উদ্যোগে এইচআর কন্সালটেন্সি বুথ থাকবে যেখানে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে ‘সিভি’ সংগ্রহ ও কীভাবে চাকুরির জন্য আবেদন করতে হয় সে সম্পর্কে ধারণা দেয়া হবে।

সংবাদ সম্মেলনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, তথ্য মন্ত্রণালয়ের সচিব মর্তুজা আহমেদ, রবি’র চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাবউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।