তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে গ্রামীণফোনের
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গ্রামীণফোনের মুনাফা বেড়েছে, তবে বছরের প্রথম নয় মাসের মুনাফা গতবছর একই সময়ের তুলনায় কম।
শনিবার এক সংবাদ সম্মেলনে দেশের বৃহত্তম এই মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গ্রামীণফোন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৫৭৪ কোটি টাকা মুনাফা করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫৮ কোটি টাকা বা ৮২ শতাংশ বেশি।
দুই ঈদে জমজমাট ব্যবসা তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনকে এই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে বলে মনে করেন বিবেক।
তবে করের হার বাড়ার কারণে নয় মাসের মুনাফা কমেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি এক হাজার ৭১ কোটি টাকা মুনাফা করেছে; যা গত বছরের একই সময়ের তুলনায় ২১১ কোটি টাকা বা ১৬ শতাংশ কম।
গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে গ্রামীণফোনের মুনাফার পরিমাণ ছিল ৩১৬ কোটি টাকা।
