গার্মেন্টের নিরাপত্তা ঘাটতি পূরণে আইএলও
বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
মঙ্গলবার বিকালে রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ওই প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রায় ১৩০০ থেকে ১৫০০টি পোশাক কারখানা নিরীক্ষা করে সেগুলোর নিরাপত্তা ঘাটতি পূরণ করা হবে। পাশাপাশি কারখানা তদারকিতে সরকারি বিভিন্ন সংস্থার সক্ষমতা বাড়ানোর জন্য সহায়তা দেয়া হবে।
প্রকল্পটির মোট ব্যয় চার কোটি ৮০ লাখ ডলার। প্রকল্পটি ২০১৬ সালের ডিসেম্বরে শেষ হবে। প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে এর বাস্তবায়নের লক্ষ্যে আইএলও, কানাডার সরকার, যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডি ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রকল্পটির কার্যক্রম চলতি অক্টোবর মাসের শুরু থেকেই শুরু হয়েছে।
বাংলাদেশের চলমান পোশাক কারখানার সংখ্যা প্রায় তিন হাজার ৬০০। এসব কারখানার মধ্যে প্রায় এক হাজার ৬০০ কারখানার নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সহায়তা দেবে ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড’।
প্রায় ৬০০ কারখানার দায়িত্ব নেবে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট ‘অ্যালায়েন্স’। বাকি কারখানাগুলোর নিরীক্ষা ও উন্নয়নের কাজ করা হবে আইএলওর এ প্রকল্পের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি বলেন, অ্যাকর্ড ও অ্যালায়েন্স’র নীরিক্ষা কার্যক্রমের বাইরে যেসব কারখানা থাকবে সেগুলোর নিরীক্ষা এ প্রকল্পের আওতায় করা হবে। এ সংখ্যা ১৩০০ থেকে ১৫০০ হতে পারে।
প্রকল্প চুক্তি স্বাক্ষর ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএলও।
এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাড়াও শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন দ্য জর্ড প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম সচিব মিকাইল শিপার।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, পোশাক খাতের ব্যবসায়ী নেতারা, সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের তিনজন মন্ত্রী তাদের বক্তব্যে পোশাক খাতের নিরাপত্তা পরিবেশের উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন। পাশাপাশি তারা এ নিয়ে সরকারের কার্যক্রম চালিয়ে নেয়ার আশ্বাস দেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন দ্য জর্ড কারখানা পরিদর্শনে একটি সমন্বিত নীতিমালা তৈরির বিষয়ে বাংলাদেশ সরকার, ইউরোপীয় ও উত্তর আমেরিকার ক্রেতাদের জোটের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়ে বলেন, “অপচয় করার মত কোনো সময় নেই। আমাদের নিরীক্ষা শুরু করা দরকার।”
