২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি বাদে সব কারখানার শ্রমিকরা বেতন পেয়েছে: বিজিএমইএ

এবার ঈদের আগে একটি বাদে সব কারখানার শ্রমিকরা বেতন পেয়েছেন বলে দাবি করেছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 06:03 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

গত কয়েকদিনে কয়েকটি স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান কচি।

তিনি বলেন, “এবারের ঈদে আমাদের জানা মতে প্রায় শতভাগ কারখানায় বেতন-ভাতা দিয়ে ছুটি প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৫ থেকে ২০টি কারখানায় আমরা কিছু সমস্যা মোকাবেলা করেছি। কয়েকটি কারখানায় ঈচ্ছে থাকা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে বেতন-ভাতা প্রদানে বিলম্ব হওয়ায় এ সমস্য মোকাবেলা করতে হয়েছে।”

লিবার্টি ফ্যাশন ওয়্যারের মিরপুর এবং জিরানী বাজারের দুটি কারখানা এবং বাড্ডার তুবা টেক্সাইলে বোনাস নিয়ে সমস্যা দেখা দিয়েছিল বলে জানান মান্নান কচি।

“তুবা গ্রুপ মেশিন বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে। আর লিবার্টি ফ্যাশন টাকা পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিজিএমইএ পাওনা পরিশোধের দাবি তুললেও বিভিন্ন শ্রমিক সংগঠন দাবি করেছে, লিবার্টি ফ্যাশনের পাশাপাশি সাভারের মাই স্টিচ, জুরাইনে ফাতেহা এাপারেলসসহ বিভিন্ন কারখানায় এখনো বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে।

 ঈদের আগে শ্রমিক অসন্তোষ হতে পারে- গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পেয়ে ছোট ও মাঝারি ১ হাজার কারখানায় বিজিএমইএ’র তদারকি ছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

“ঈদের আগে শ্রমিকরা যাতে সুষ্ঠুভাবে বেতন-ভাতা পায় সেজন্য সরকার ও বিজিএমইএ মিলে আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছিল। ঢাকা ও আশপাশের প্রায় ৩ হাজার কারখানার জন্য ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জ এলাকায় নয়টি আঞ্চলিক কমিটি গঠন করে।”

সংবাদ সম্মেলনে বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম, সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

সালাম মুর্শেদী বলেন, “লিবার্টি ফ্যাশনের ভবনকে ক্রেতা প্রতিষ্ঠান টেসকো অযোগ্য ঘোষণা করায় অন্যান্য বায়াররা অর্ডার বাতিল করেছে। যে কারণে কারখানাটি বেতন-ভাতা পরিশোধে সমস্যায় পড়েছে। এরপরও আমরা আশা করছি, সমস্যার সমাধান হবে।”

লিবার্টি ফ্যাশনসের মিরপুর কারখানায় ১৫০০ এবং জিরানী বাজার কারখানায় ৩৭০০ শ্রমিক কাজ করেন।