২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাটেক্সপোতে ‘স্পট অর্ডার’ কমেছে

তাজরীনে অগ্নিকাণ্ডে শতাধিক এবং সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা স্থগিতের প্রেক্ষাপটে এবারের বাটেক্সপোতে কমেছে স্পট অর্ডার এবং পরিদর্শনকারী ক্রেতার সংখ্যা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 11:39 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

তবে তৈরি পোশাক শিল্প মালিকদের দাবি,ওই দুটি ঘটনার প্রভাব নয়, নিহত শ্রমিকদের ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমমর্মিতা জানাতে আয়োজনে আড়ম্বর না থাকাই অর্ডার ও ক্রেতার উপস্থিতি কম হওয়ার কারণ।

গত ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের সবচেয়ে বড় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বার্ষিক এই প্রদর্শনীর আয়োজক বিজিএমইএ রোববর জানিয়েছে, এবারের প্রদর্শনীতে মোট ৫ কোটি ৮৪ লাখ ডলারের অর্ডার পাওয়া গেছে। এর মধ্যে স্পট অর্ডারের পরিমাণ ৫৭ কোটি ৩ লাখ ডলার। স্টকলটের স্পট অর্ডারের পরিমাণ ১৩ লাখ ৪০ হাজার ডলার।

গতবারের প্রদর্শনীতে মোট অর্ডারের পরিমাণ ছিলো  ৬ কোটি ১৭ লাখ ডলারের। তার মধ্যে  স্পট অর্ডারের পরিমাণ ছিলো  ৬ কোটি ২ লাখ ৫০ হাজার ডলার। আর স্টকলটের স্পট অর্ডারের পরিমাণ ছিল ১৪ লাখ ২০ হাজার ডলার।

মেলায় ক্রেতার সংখ্যা কম হলেও সার্বিক বিবেচনায় মেলা ‘প্রত্যাশার চেয়ে বেশি সফল’ হয়েছে বলে বিজিএমইএ দাবি করেছে।

প্রদর্শনীতে মোট স্টলের সংখ্যা ছিল ৮০টি। এসব স্টলে তৈরি পোশাক (নিট, উভেন ও সোয়েটার), ফেব্রিক্স, এক্সেসরিজ এবং যন্ত্রপাতি প্রদর্শিত হয়েছে।

গতবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা আয়োজন করা হয়েছিল। স্টলের সংখ্যা ছিল ১৩৮টি।

বিজিএমএইএ’র বিবৃতিতে আবার রাজনৈতিক অস্থিরতাকেও ক্রেতা কমে যাওয়ার জন্য দায়ী করা হয়েছে।

“মেলায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পরিলক্ষিত হয়েছে। মেলায় পরিদর্শনকারী ক্রেতাদের সংখ্যা গতবারের চেয়ে ৫ শতাংশ কম হয়েছে।”

মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, কলম্বিয়া, পেরু, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, রাশিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডস, তুরস্ক, ডেনমার্ক. সুইডেন, ইতালি, ফ্রান্স, জাপান, হংকং, ভারত,  গ্রিস, থাইল্যান্ড,  সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, কোরিয়া, আরব আমিরাত, মিশর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জর্দান, উরুগুয়ে- এই ৩৪টি দেশের ১৩৬ জন ক্রেতা এবং ২ হাজার ৫৫৬ জন ক্রেতা প্রতিনিধি আসেন।

গত বাটেক্সপোতে ক্রেতার সংখ্যা ছিল ১৫৯ জন। ক্রেতা প্রতিনিধির সংখ্যা ছিলো ২ হাজার ৮৪৬ জন।

এ বছর মেলা পরিদর্শনকারী মোট দর্শনার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ১৮০ জন। গতবছরে এই সংখ্যা ছিল ১২ হাজার ২৫ জন।

পুরনো খবর:

বাংলাদেশি পণ্যে জিএসপি স্থগিত করল যুক্তরাষ্ট্র