২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের সম্ভাবনার দুয়ার এখনো খোলা: রাষ্ট্রপতি

দক্ষিণ এশীয় দেশগুলোর আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়নে আঞ্চলিক জোট সার্ককে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 10:30 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

তিনি বলেছেন, “সার্কের মাধ্যমে দক্ষিণ এশীয় দেশগুলোর আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়নে সম্ভানার দুয়ার খোলা। পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার মাধ্যমে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে।”

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউনটেন্টসের (সাফা) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, যে উদ্দেশ্যে সার্ক গঠিত হয়েছিল তা এখনো পূরণ হয়নি। এর সম্ভানার দুয়ার এখনো খোলা।

একবিংশ শতাব্দী উন্নয়নশীল দেশগুলোর সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করতে পারলে আমরা দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে পারবো না।”

বাংলাদেশের উন্নয়নে বৈদেশিক বিনিয়োগকে ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে রাষ্ট্রপতি বলেন, “এর মাধ্যমে উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রযুক্তির রূপান্তর ঘটে, যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে ভূমিকা রাখে।”

দি ইন্স্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।