৭৫ হাজার টন ইউরিয়া আমদানি হচ্ছে
সারের চাহিদা মেটাতে ৭৫ হাজার টন গুটি ইউরিয়া আমদানি করতে যাচ্ছে সরকার।
রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সার কেনার এই প্রস্তাব অনুমোদিত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম জানিয়েছেন।
এর মধ্যে ২৫ হাজার টন চট্টগ্রাম, ২৫ হাজার টন মংলা বন্দরের মাধ্যমে ও ২৫ হাজার টন সৌদি আরবের সাবিক কোম্পানি থেকে আমদানি করা হবে।
এ সংক্রান্ত আলাদা তিনটি প্রস্তাব ওঠে মন্ত্রিসভা কমিটির বৈঠকে। আলাদাভাবে তিনটি অনুমোদিত হয়।
নুরুল করিম সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে ২৫ হাজার টন সার আমদানির জন্য সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে তমাল ট্রেড ইন্টারন্যাশনাল। এতে ব্যয় হবে ৬৫ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৬ হাজার ৩৬৭ টাকা।
সৌদি আরবের প্রতিষ্ঠান সাবিকের কাছ থেকে ২ লাখ টন সার আমদানি চুক্তির আওতায় ২৫ হাজার টন বাল্ক গুটি ইউরিয়া আনা হচ্ছে। এ সার আমদানিতে মোট ব্যয় হবে ৫৫ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২২ হাজার ৫২০ টাকা।
