সাত বছর পর লভ্যাংশ দিচ্ছে ডেল্টা লাইফ
আইনি জটিলতায় সাত বছর আটকে থাকার পর এবার শেয়ার হোল্ডারদের একসঙ্গে ২১০০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এক নোটিসে জানানো হয়, ৩১ ডিসেম্বর ২০১২ শেষ হওয়া বছরের জন্য এই লভ্যাংশ সুপারিশ করেছে ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ।
আইনি জটিলতার কারণে ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত লভ্যাংশ দিতে পারেনি ডেল্টা লাইফ। এ কারণেই সাত বছরের সঞ্চিতি থেকে একসঙ্গে ২১০০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ কোম্পানির শেয়ারধারীরা তাদের হাতে থাকা প্রতিটি শেয়ারের বিপরীতে ২১টি বোনাস শেয়ার পোবেন।
এর আগে সর্বশেষ ২০০৪ সালে ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ডেলটা লাইফ। প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমাণ সাড়ে চার কোটি টাকা।
