২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্ট ভবনের নিরাপত্তায় অর্থ দেবে জাপান

বাংলাদেশে গার্মেন্ট খাতে ভবন তৈরি, পুননির্মাণ এবং সংষ্কারের মাধ্যমে ধসের মতো ঘটনা এড়াতে আর্থিক সহায়তা দেবে জাপান। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রশিক্ষণও দেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 06:53 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিজিএমইএ ও বিকেএমইএ’র মধ্যে হওয়া ওই চুক্তি অনুযায়ী গার্মেন্ট কারখানার নিরাপত্তা নিশ্চিতে ১০০ কোটি টাকা ঋণ দেয়া হবে।

জাইকা কেন্দ্রীয় ব্যাংককে এই অর্থ দেবে, যা থেকে সর্বোচ্চ ১০ শতাংশ সুদহারে ১৫ বছরের জন্য গার্মেন্ট মালিকরা ঋণ নিতে পারবেন। এর মধ্যে দুই বছর থাকবে সুদমুক্ত।

এই অর্থ গার্মেন্ট কারখানার ভবন নির্মাণ, সংষ্কার বা স্থানান্তরের কাজে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে জাপানের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রকৌশলীরা সহায়তা দেবেন।

বাংলাদেশের মোট রপ্তানির আয়ের ৮০ শতাংশই আসে গার্মেন্ট শিল্প থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিক এ কাজে নিয়োজিত, যাদের বেশিরভাগই নারী।

তবে সম্প্রতি সাভারে ভয়াবহ ভবন ধসের পর নিরাপত্তার বিষয়টি আলোচনায় আসে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে জাইকার প্রধান তাকাও তোদা বলেন, নিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি এ বিষয়ে সবাইকে সচেতন করে তোলা প্রয়োজন।

“এই অর্থের পরিমাণ সামান্য হলেও আশাকরি এটি প্রভাবকের কাজ করবে।”