সেনা কল্যাণের সাধারণ বীমায় যাত্রা শুরু
‘সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড’ নামে সেনা কল্যাণ সংস্থার একটি অঙ্গ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সদ্য লাইসেন্স পাওয়া এই সাধারণ বীমা কোম্পানির উদ্বোধন ঘোষণা করেন।
রাজধানীর র্যাডিসন হোটেলে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, বীমা কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল মো. শামসুল হক বক্তব্য দেন।
এছাড়া অনুষ্ঠানে বীমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যান, বীমা কোম্পানিগুলোর সমিতি বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের সভাপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “বীমা কোম্পানি এখনো এদেশে পরিপূর্ণতা পায়নি। তবে আশা করছি, অচিরেই তা হবে। সেনা কল্যাণ সংস্থা অনেক ভাল প্রতিষ্ঠান। তাদের বীমা কোম্পানিও ভাল চলবে।”
তারিক আহমেদ সিদ্দিক বলেন, “সেনা কল্যাণ সংস্থা তাদের অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে কীভাবে নীতি বজায় রেখে ব্যবসা করতে হয়। বীমা ব্যবসার ক্ষেত্রেও তা বজায় থাকবে বলে মনে করি।”
সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া নৌ, বিমান, বিজিবি, পুলিশ, আর্মড ফোর্সেস, আনসারসহ সকলে এই সংস্থা থেকে বীমা সেবা নেবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, গতবছর সেনা কল্যাণ সংস্থা তার বিভিন্ন ব্যবসা থেকে ১০২ কোটি টাকা মুনাফা করেছে। এর থেকে সরকারকে কর প্রদান করেছে ১৭ কোটি টাকা। বর্তমানে সংস্থাটির ১৪টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
