দেশের প্রথম ‘টাকা জাদুঘর’
দেশের প্রথম টাকা জাদুঘর উদ্বোধন হচ্ছে শনিবার। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আনুষ্ঠানিক এই জাদুঘরের উদ্বোধন করবেন।
একাডেমির এ কে এন মিলনায়তনে শনিবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির সভাপতি অমলেন্দ্র সাহা ও টাকা জাদুঘর বাস্তবায়ন কমিটির সভাপতি শিল্পী হাশেম খান।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম।
বাংলাদেশ ও বিশ্বের মুদ্রা ইতিহাস সংরক্ষণ, মুদ্রার ঐতিহ্য ও বিকাশকে সাধারণের মাঝে তুলে ধরার জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
