২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন দুটোই কমেছে ডিএসইতে

সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক এবং লেনদেন দুটোই কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার ডিএসইতে প্রায় ২৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা সোমবারের চেয়ে ৩১ কোটি টাকা কম।

সোমবার ডিএসইতে ২৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। প্রায় দেড়মাস পর ৩০০ কোটি টাকার নিচে নেমেছে লেনদেন।

এর আগে কম লেনদেন হয়েছিল গত ১২ অগাস্ট, সেদিন লেনদেন ‍ছিল ১৬২ কোটি টাকার শেয়ার।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে ৩ হাজার ৯২৮ পয়েন্ট হয়েছে।

এ নিয়ে গত তিন দিনে প্রায় ৮৫ পয়েন্ট সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজারে।

গত সপ্তাহে ডিএসই সার্বিক সূচক কমেছে ৮১ পয়েন্ট। আগের সপ্তাহ শেষে ডিএসই সূচক ২০ পয়েন্ট বেড়েছিল। তার আগের দুই সপ্তাহে ডিএসই সূচক যথাক্রমে ৪১ ও ৯ পয়েন্ট কমে।

এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট কমে সোমবার ১ হাজার ৪৩৫ পয়েন্ট হয়েছে।

মঙ্গলবার লেনদেনে থাকা ১৫০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।