২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের পর দুই গাড়িতে আগুন, চালক দগ্ধ

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের পর রাজধানীতে দুটি গাড়িতে আগুন দেয়া হয়েছে, দগ্ধ হয়েছেন এক চালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 03:48 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বঙ্গবাজার মোড়ে একটি কভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ সময় ওই ভ্যানের চালক নুরুল ইসলাম (২৫) দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার হাত ও পা ঝলসে গেছে।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, দুপুরে ফকিরাপুল বাজারের কাছেও একটি গাড়িতে আগুন দেয়া চেষ্টা হয়।

তবে পুলিশের তৎপরতায় বাসটি ক্ষতিগ্রস্ত হয়নি জানিয়ে তিনি বলেন, “বাসে আগুন দেয়ার পরপরই আমরা তা নিভিয়ে ফেলেছি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে সাত/আট জনের একটি দল ফকিরাপুল বাজার এলাকায় ‘রায় মানি না, মানি না’ স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে একটি গাড়িতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ও সাংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।