পেঁয়াজ দাম না কমার পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়
দেশের বাজারে পেঁয়াজের দাম কমলে ভারতে পাচার হওয়ার আশঙ্কা করছে বাণিজ্য মন্ত্রণালয়।
এই নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনঅসন্তোষের মধ্যে সোমবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় তাদের অবস্থান জানায়।
মন্ত্রণালয়ের বক্তব্যে অসন্তোষ জানিয়ে সংসদীয় কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয়ের এ ধরনের কথায় প্রমাণ হয়, তাদের নিজেদের ওপর আস্থার অভাব রয়েছে।”
গত মাসে হঠাৎ করে বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। মূল্য নিয়ন্ত্রণে আমদানি বাড়িয়ে খোলা বাজারে বিক্রির উদ্যোগ নেয়া হলেও তার সুফল এখনো পাওয়া যায়নি।
দেড় মাস আগে পেঁয়াজ কেজি প্রতি ৩৫-৪০ টাকায় বিক্রি হলেও এখন এর দাম ৮৫-৯০ টাকা।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংসদীয় কমিটিকে জানিয়েছেন, ভারতে বর্তমানে পেঁয়াজের দাম বেশি। দেশের বাজারে দাম কমে গেলে তা ভারতে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংসদীয় কমিটির বৈঠকে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত ছিলেন না। মন্ত্রণালয়ের কর্মকর্তা বৈঠকে অংশ নেন।
ঈদুল আজহার আগে পেঁয়জের দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়ে তা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।
দাম বেড়ে যাওয়ায় খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানীর আব্দুল গনি রোড থেকে বৃহস্পতিবার তোলা ছবি। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ১৯ লাখ ১৪ হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে আমদানি হয়েছে ৫ লাখ টনের বেশি।
হিসাব অনুযায়ী পেঁয়াজ উদ্বৃত্ত থাকার কথা হলেও গত অগাস্ট মাসে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যায়, দাম যায় বেড়ে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজ ছাড়াও ঈদের সময় সব ধরনের মসলার দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকি জোরদার করার সুপারিশ করা হয়েছে।
আবুল কাসেমের সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্য রুমানা মাহমুদ ও মো. জয়নাল আবেদীন অংশ নেন।
