থ্রিজি যুগে প্রবেশ করলো রবি
পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামের দুটি অংশে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রিজি) চালু করলো মোবাইল ফোন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান রবি।
শনিবার সকালে গুলশানে রবির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবার উদ্বাধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন।
প্রাথমিকভাবে আগামী ১ অক্টোবর থেকে রাজধানীর গুলশান ও বন্দরনগরীর চট্টগ্রামের মুরাদপুরে রবি গ্রাহকরা এ সুবিধা পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানে সাহারা খাতুন বলেন, থ্রিজির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে অপারেটরদরে খুব দ্রুত কাজ করতে হবে। উন্নত এ যোগাযোগ প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের অর্থনীতি বেগবান হবে।”
অপারেটররা ‘সুস্থ প্রতিযোগিতার’ মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
এসময় বিটিআরসি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ খ্রিজি সেবা গ্রাহকদের হাতের নাগালে রাখার জন্য মুঠোফোন অপারেটরগুলোর কাছে আহ্বান জানান।
রবির প্রধান নির্বাহী মাইকেল ক্যুনার বলেন, “শুধুমাত্র ইন্টারনেটে উচ্চ গতিই নয়, আমাদের লক্ষ্য মানসম্মত সেবা নিশ্চিত করা। আমরা আশা করছি, এবছরের শেষ নাগাদ আমাদের মোট গ্রাহকের ৪০ শতাংশ এবং ইন্টারনেট ব্যাবহারকারীদের ৬০ শতাংশকে এ প্রযুক্তির আওতায় নিয়ে আসতে পারবো।”
থ্রিজি প্রযুক্তি চালুর পাশাপাশি গ্রাহকদের সন্তুষ্টির বিষয়গুলিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
