স্যামসন এইচ চৌধুরীর নামে ওয়েব পোর্টাল চালু
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ স্কয়ারের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর বিষয়ে একটি ওয়েব পোর্টাল খোলা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে স্কয়ার হসপিটালের অডিটরিয়ামে স্কয়ার ফাউন্ডেশন ও অনিতা স্যামসন ফাউন্ডেশনের চেয়ারপার্সন অনিতা চৌধুরী পোর্টালটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পোর্টালের (www.samsonchowdhury.com) মাধ্যমে স্যামসন এইচ চৌধুরীর পূর্ণাঙ্গ জীবনী, কর্ম-উদ্যোগ ও বাংলাদেশের শিল্প উন্নয়নে তাঁর অবদান সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
স্যামসন এইচ চৌধুরী বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী। পাবনার এক গ্রামীণ ওষুধের দোকান থেকে ব্যবসা শুরু করে মেধা, প্রজ্ঞা আর পরিশ্রমে গড়ে তুলেন স্কয়ার গ্রুপ।
তিনি ১৯২৫ সালে গোপালগঞ্জে জন্ম নেন। ২০১২ সালের ৫ জানুয়ারী সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল রহমান ও চার্চ বিশপ থিও টোনিয়াস উপস্থিত ছিলেন।
