মেসেডোনিয়ায় কাজ করবে গ্রামীণ ইন্টেল
তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৃষিখাতকে এগিয়ে নিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ইন্টেলের সঙ্গে চুক্তি করেছে মেসেডোনিয়া সরকার।
গত শনিবার জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের বৈঠকে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে গ্রামীণ ইন্টেল সোসাল বিজনেসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গ্রামীণ ইন্টেল তাদের সফটওয়ার দিয়ে সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি সাধনে কাজ করে আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির একটি বিশেষায়িত সফটওয়ার মাটির গুণাগুণ পরীক্ষা করে কৃষকদেরকে প্রয়োজনীয় পরিমাণ সার প্রয়োগ করতে সাহায্য করে। মেসেডোনিয়ার কৃষিক্ষেত্রেও একই প্রযুক্তি ব্যবহার করা হবে।
সফটওয়ারটি তৈরি করা হয়েছে গ্রামীণ ইন্টেল (বাংলাদেশ) ও ই-কুটির (ভারত) এর যৌথ উদ্যোগে।
গ্রামীণ ইন্টেলের প্রধান নির্বাহী কাজী হক বলেন, “তথ্য প্রযুক্তির উদ্ভাবনী প্রয়োগ স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষাতে মানুষকে সন্দেহাতীত ভাবে সাহায্য করছে। মেসেডোনিয়া সরকারের সঙ্গে গ্রামীণ ইন্টেলের এই যৌথ প্রয়াস ভবিষ্যতে আমাদেরকে অন্যান্য দেশের সাথে যৌথভাবে কাজ করতে প্রেরণা দেবে।”
