পেঁয়াজ আমদানিতে ঋণের সুদহার কমানোর অনুরোধ
পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে আগামী এক মাস এই পণ্য আমদানিতে সুদের হার কমিয়ে ১০ শতাংশ রাখতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য ও সরবরাহ স্থিতিশীল রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য সরকার ভোজ্যতেল আমদানিতে শুল্ক কমানো এবং চিনি আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহারসহ নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে।
এতে বলা হয়, “বাংলাদেশে পেঁয়াজের চাহিদা দেশীয় উৎপাদনের পাশাপাশি ভারত থেকে আমদানি করে মেটানো হয়। সম্প্রতি ভারত সরকার প্রতি টন পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন মুল্য ৯০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এর ফলে দেশীয় বাজারে পেঁয়াজের মূল্য অস্থিতিশীল হয়ে পড়েছে।”
“এর ফলে আসন্ন ঈদ-উল-আজহায় স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গিয়ে দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
এ পরিস্থিতি এড়াতে আগামী এক মাসের জন্য পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণসহ এলসির মার্জিন সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
এতে আরো বলা হয়, “রমজান মাস, ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আজহা, দূর্গাপুজা ও অন্যান্য ধর্মীয় উৎসবের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর প্রভৃতির চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ার আশঙ্কা থাকে। সেজন্য এসব পণ্যের আমদানি বাড়িয়ে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হয়।”
সম্প্রতি দেশে পেঁয়াজের দাম দ্বিগুনের বেশি বেড়েছে। প্রায় প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। বাজারে আমদানি করা পেঁয়াজ বর্তমানে ৯০ টাকা আর দেশী পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা বাজারে পেঁয়াজের সরবরাহ কমাকে দায়ী করছেন। সরকারি উদ্যোগে আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়ানোর চেষ্টা করলেও তা কাজে আসছে না।
এদিকে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের টিসিবির পেঁয়াজ স্বল্প আয়ের মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পেঁয়াজের আমদানি, সরবরাহ এবং মূল্য স্বাভাবিক রাখতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরো বেশি তৎপর হতে বলেছেন তিনি।
রোববার মন্ত্রণালয়ে পেঁয়াজ আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
২০১১ সালের মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে ব্যাংক ঋণের সুদ হার সর্বোচ্চ ১২ শতাংশ বেঁধে দেয়। এর পরের বছর অর্থাৎ ২০১২ সালের জানুয়ারিতে অপর এক সার্কুলার জারি করে নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদ হারের সর্বোচ্চ সীমা তুলে দেয়।
