‘সোনালী-প্রাইম ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ বেশি’
সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংক এবং বেসরকারি প্রাইম ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ সবচেয়ে বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের কাছে গ্রাহকরা এসব অভিযোগ করেছেন।
বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার পাঠানো বিবৃতিতে জানানো হয়, অভিযোগের পরিমাণের হিসাবে সোনালী ব্যাংকের এর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ও কৃষি ব্যাংক।
বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে প্রাইম ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে। আর বিদেশি ব্যাংকগুলোর মধ্যে প্রথমে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এই কেন্দ্রটিকে একটি পূর্নাঙ্গ বিভাগে রূপান্তর করে ‘ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট’ করা হয়েছে। এ বিভাগে ব্যাংকের গ্রাহকরা চিঠি পাঠিয়ে, ফোন, ফ্যাক্স ও ই-মেইল করে অভিযোগ জানাতে পারেন।
বিবৃতির তথ্য অনুযায়ী, ২০১১ সালের ২৮ মার্চ থেকে গত ৩০ জুন পর্যন্ত মোট ৭ হাজার ১৪৪টি অভিযোগে এসেছে। অভিযোগগুলোর মধ্যে ৫ হাজার ৫৯৭টি বা ৭৮ দশমিক ৩৫ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে।
গত ২০১২-২০১৩ অর্থবছরে মোট ৪ হাজার ২৯৬টি অভিযোগ এসেছে। এরমধ্যে ২ হাজার ৯৪১টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে শীর্ষে রয়েছে স্বীকৃত বিলের মূল্য পরিশোধ না করা সংক্রান্ত অভিযোগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ ব্যাংকিং সংক্রান্ত অভিযোগ।
এছাড়া ঋণ ও অগ্রিম, রেমিটেন্স, মোবাইল ব্যাংকিং ও ডেবিট, ক্রেডিট, এটিএম কার্ড সংক্রান্ত অভিযোগও রয়েছে।
তবে কোন ব্যাংকের বিরুদ্ধে কতোটি, কী ধরনের অভিযোগ এসেছে- সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।
