পেঁয়াজের দাম কমার আশা বাণিজ্য মন্ত্রণালয়ের
আগামী ১০ দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে জানিয়ে বাজারে এই নিত্যপণ্যের দাম কমার আশা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
গত এক মাসে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় জনঅসন্তোষের প্রেক্ষাপটে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমদানি হলে বাজারের সরবরাহ বাড়বে এবং মূল্য স্বাভাবিক হয়ে আসবে।
আমদানি কারকদের সঙ্গে এদিন বৈঠক করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) মনোজ কুমার রায়।
মন্ত্রণালয় বলেছে, ভারতের পাশাপাশি চায়না, মায়ানমার ও পকিস্তান থেকেও পিঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে সে পেঁয়াজ আসতে শুরু করেছে।
বাজার স্থিতিশীল করতে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়াও চলছে বলে বিবৃতিতে জানানো হয়।
গত অগাস্টে পেঁয়াজের দাম আকস্মিকভাবে বেড়ে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা হয়। এখন বাজারে ৯০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৩ লাখ টন বলে ধরা হয়। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এবছর ১৯ লাখ ১৪ হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে আমদানি হয়েছে ৫ লাখ টনের বেশি।
সেই হিসেবে বাজারে পেঁয়াজের সরবরাহে কোনো সঙ্কট হওয়ার কথা নয়। তবে হঠাৎ করেই বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যায়, ফলে দাম যায় বেড়ে।
